ঢাকা: একদিনে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। এরপর প্রতি সপ্তাহে এক দিন করে মোট ৯ কার্যদিবসে ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এছাড়া ফৌজদারি ও রিট এই দুই ধরনের মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে এক দিনেই ৭ হাজার ৮৫৩টি মামলা নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তির রেকর্ড গড়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে।
এতে আরও বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে শুনানি ও নিষ্পত্তি করছেন।