Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়ামিন হত্যা / সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১২:০২

গুরুতর আহত ইয়ামিনকে সাঁজোয়া যান থেকে নামাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা শেষে দীর্ঘ তদন্তের ভিত্তিতে এ অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের ওপর ট্রাইব্যুনালে একই দিনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাতজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মধ্যে তিনি গুলিবিদ্ধ হন।

অভিযোগ অনুযায়ী, ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাঁজোয়া যানের ওপর তুলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে গাড়িটি বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর