ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) মামলায় দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আশিকা সুলতানা মামলাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা সম্পর্কেও তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে ভবিষ্যতে আবারও তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে তার জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আবেদন মঞ্জুর করে আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এদিন আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওই মিছিল করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।