ঢাকা: বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নতুন পাসপোর্ট এবং পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বর্তমানে ঝুলে থাকা সব আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি শেষে আইনজীবী মনজিল মোরসেদ জানান, প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকায় জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে সব পেন্ডিং আবেদন নিষ্পত্তি এবং ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এছাড়া প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন আদেশে আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদফতরে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।