ঢাকা: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (চন্দন কুমার ধর) ভাঙচুরের ২ মামলায় জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে একই দুই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনার পর হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয় এবং প্রায় দুই ডজন আসামিকে গ্রেফতার করা হয়। এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম এখনও চলমান রয়েছে।
তবে সর্বশেষ আদেশে হাইকোর্ট শুধুমাত্র ভাঙচুরের দুটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন। অন্যান্য মামলার বিষয়ে আদালতের পৃথক আদেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলবে।