ঢাকা: ঢাকার কদমতলী এলাকার এক ফার্মেসি ব্যবসায়ী তার স্ত্রী, স্ত্রীর কথিত প্রেমিক ও শাশুড়ির বিরুদ্ধে চার লাখ টাকা যৌতুক দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে বাদী মো. শামীম মিয়া এ মামলা দায়ের করেন।
আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য কদমতলী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম সবুজ।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমা তুজ জহুরার সঙ্গে শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্ত্রী বিয়ের আগের একটি সম্পর্কের ধারাবাহিকতায় কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
অভিযোগে বলা হয়, ফার্মেসি ব্যবসা থেকে জমানো অর্থ শামীম বাসায় রাখতেন। সেই টাকা থেকে তার স্ত্রী বিভিন্ন সময়ে কথিত প্রেমিক ও নিজের মাকে অর্থ দিতেন। বিষয়টি জানতে পেরে তিনি বাধা দিলে স্ত্রী বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার শর্তে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নিতে থাকেন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, গত দুই বছরে প্রায় চার লাখ টাকা নেওয়ার পর শামীম সেই অর্থ ফেরত চাইলে তার স্ত্রী স্বীকার করেন যে, টাকা কথিত প্রেমিক ও তার মায়ের কাছে দেওয়া হয়েছে।
সবশেষ গত ২০ আগস্ট রাতে স্ত্রী ও শাশুড়ি কথিত প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন বলে অভিযোগে বলা হয়েছে। শামীম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয় এবং ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কদমতলী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।