Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের অভিযোগ খতিয়ে দেখতে ২ রিটার্নিং কর্মকর্তাকে ইসির নির্দেশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২০:০০

‎ঢাকা: ‎শেরপুর-৩ আসনে ভোট বর্জন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে জামায়াতে ইসলামীর করা অভিযোগগুলো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট দুই আসনের রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ইসি সচিব বলেন, ‘আমরা অভিযোগগুলো খতিয়ে দেখা শুরু করেছি। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন তলব করেছি।’

‎শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জনের বিষয়ে সচিব আরও বলেন, ‘কেন তারা ভোট বর্জন করেছেন, তা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা নির্বাচন আয়োজন করেছি, কাউকে বর্জন করতে বলিনি। আমি শুনেছি পৌনে চারটার দিকে জাল ভোটের অভিযোগ তুলে তারা বর্জন করেছেন। সারাদিন ভোট চলার পর শেষ হওয়ার ২০ মিনিট আগে এমন অভিযোগ তাদের রাজনৈতিক বিষয় হতে পারে। তবে আমি আমার কর্মকর্তাদের প্রতিবেদন দিতে বলেছি এবং দ্রুত ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছি।’

‎এর আগে, দুপুর ১টার দিকে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ আনে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং কর্মকর্তারা এজেন্টদের কাছ থেকে ফলাফলের খালি শিটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এ সময় অনিয়ম ঠেকাতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেন তিনি।

‎এদিকে বিকেল ৩টায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সিল মারা এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে।

‎এ সময় প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার মেলেনি।  ‎মাসুদুর রহমান দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর