Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম চুরি, ২ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৫০

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনায় এক প্রকৌশলীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজন হলেন – হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ। তারা অন্তত ছয়টি মিনি ট্রাকে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালের মালামাল লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে আরও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২০ এপ্রিল গভীর রাতে হাসপাতালের বেজমেন্ট থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়। হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) মো. হাফিজুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানের পিএস তাকে ডেকে জানান যে বেজমেন্ট থেকে কিছু মালামাল বের হবে। পিসি গেট পাস চাইলে তাকে সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। মাহমুদুল হাসান তাকে জানান যে বিষয়টি তিনি অবগত আছেন এবং প্রকৌশলী মামুনুর রশীদের কাছে অনুমতিপত্র রয়েছে।

তিনি বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বেজমেন্টে দুটি মিনি ট্রাক প্রবেশ করে। সেখানে আগে থেকেই প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মামুন উপস্থিত ছিলেন। পরে আরও চারটি ট্রাক ভেতরে ঢোকে। দায়িত্বরত আনসার সদস্যরা মালামাল বের করার অনুমতিপত্রের ছবি তুলতে চাইলে অভিযুক্তরা বাধা দেন এবং স্টোরের দায়িত্বে থাকার দোহাই দিয়ে ছবি তুলতে নিষেধ করেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর