Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে তৈরি মদে লিটা‌রে ভ্যাট ৫০০ টাকা

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৯:৪৩

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দিয়েছে সরকার।

এতে করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবের কথা জানান।

প্রস্তাব অনুযায়ী, ভ্যাট আইন সংশোধনের মাধ্যমে কেরুর দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদের ওপর নতুন কর কাঠামো কার্যকর করা হবে। এতে প্রতি লিটারে মদের দাম প্রায় ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর শুধু আবগারি শুল্ক প্রযোজ্য ছিল, কোনো ভ্যাট ছিল না। নতুন প্রস্তাব কার্যকর হলে আবগারি শুল্কের পাশাপাশি ভ্যাটও দিতে হবে প্রতিষ্ঠানটিকে।

সরকার জানিয়েছে, ভ্যাট আইন সংশোধনের জন্য আগামী অর্থবিলের তৃতীয় তফসিলে পরিবর্তন আনা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কেরুর মদ বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে প্রতিষ্ঠানটির মুনাফাও বৃদ্ধি পেয়েছে। চিনিকলের পাশাপাশি ডিস্টিলারি ইউনিট থেকেই কেরু অ্যান্ড কোম্পানির বড় অংশের মুনাফা আসে বলে জানা গেছে।

সারাবাংলা/এসএ/এসএস