ঢাকা: দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে নিরাপদ মজুতের নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় ৮ লাখ ৬১ হাজার মেট্রিক টন বেশি খাদ্যশস্য রয়েছে বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে বোরো সংগ্রহ অভিযান, ওএমএস কার্যক্রম এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য তুলে ধরেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৮ জুন পর্যন্ত দেশের সরকারি খাদ্য গুদামে মোট ২২ লাখ ১০ হাজার ৯৪৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। যেখানে নিরাপদ খাদ্য মজুতের নির্ধারিত পরিমাণ ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। সে হিসেবে বর্তমানে সরকারি খাদ্য মজুত নিরাপদ মাত্রার তুলনায় প্রায় ৮ লাখ ৬০ হাজার ৯৪৫ মেট্রিক টন বেশি। সরকারের মতে, এই পর্যাপ্ত মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য যে-কোনো খাদ্য সংকট মোকাবিলায় সক্ষমতা আরও জোরদার করবে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের বোরো সংগ্রহ অভিযান গত ৩ মে শুরু হয়েছে এবং আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ অভিযানের আওতায় ২৮ জুন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৩১২ মেট্রিক টন ধান এবং ৭ লাখ ৯৮ হাজার ৯১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বর্তমানে প্রতিদিন ওএমএসের মাধ্যমে ১ হাজার ১৯৫ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৪৪৩ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে গত সপ্তাহে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের অর্জনও তুলে ধরা হয়। জানানো হয়, সফরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে এবং দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক, তিনটি চুক্তি, একটি প্রটোকল ও একটি যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি লিবিয়া থেকে ৩৪২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা প্রায় শতভাগ অর্জিত হয়েছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় দেশব্যাপী একক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় বিশ্বব্যাংকের সহায়তায় ৩ হাজার ২৮৭ কোটি টাকার ‘সিটা’ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জানায়, এটি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ছয়টি বিমানবন্দর ও পাঁচটি রেলস্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই এবং প্রত্যন্ত অঞ্চলে ১ হাজার ৭৫টি ইন্টারনেট হটস্পট চালুর তথ্য জানায়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি প্যারেন্ট হ্যাচিং এগ রফতানির তথ্য তুলে ধরে। রেলপথ মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে ২৪ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার এবং কয়েকশত অপরাধী গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া শ্রমিক কল্যাণ, হজ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, স্থানীয় সরকার ও অন্যান্য মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতিও ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।