Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১২:৫৭ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১৫:২১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমানও হাসপাতালে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে এবং হাসপাতালের চিত্র বদলে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বাড়তে পারে। তবে সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব হবে বলে তিনি জানান।

তিনি বলেন, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী সেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজনে রোগীর সংখ্যা বেড়ে গেলে মোবাইল হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে ক্যানসার নির্ণয় আরও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ প্রদানের তথ্যও জানানো হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর