ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে দুদক কমিশন পুনর্গঠন সংক্রান্ত বাছাই কমিটি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ বাছাই কমিটির নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।
বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ৮ (১) এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। তবে একই আইনের ধারা ৮ (২) অনুযায়ী কোনো ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হলে তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরির সুনির্দিষ্ট মেয়াদকালসহ বিবরণ, মোবাইল নম্বর এবং ই-মেইল উল্লেখ করে সইসহ দাখিল করতে হবে। এরসঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে সকল সনদের কপি যুক্ত করতে হবে।
আগ্রহী ব্যক্তিরা আগামী ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটের কেন্দ্রীয় ডাক গ্রহণ কেন্দ্রে অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় (কক্ষ ১৩৫, ভবন ১) এই আবেদনপত্র জমা দিতে পারবেন। যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।