Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাতের ভোটের কারিগর’ পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২১:৪১ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২২:০৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক ও দু’জন পুলিশ সুপার রয়েছেন।

রোববার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী’ জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধাদি প্রাপ্য হবেন। সেই সঙ্গে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোটের কারিগর’ হিসেবে পরিচিত পুলিশ ক্যাডারের এই ৩৩ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস ২০তম ব্যাচের এসব কর্মকর্তা নির্বাচনের সময় পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর এসব পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় ছিলেন।

এ ছাড়া তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় বিতর্কিত নির্বাচনে বিশেষ ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডের জন্য অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে প্রথম দু’জন মোল্যা নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর