ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর না হলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ বাড়বে। মেধাবী সাংবাদিকদের পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি।’
তিনি বলেন, ‘সংবাদপত্রশিল্পের মালিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে এমন নীতিগত সহায়তা দিতে হবে, যাতে গণমাধ্যমশিল্পে বিনিয়োগ অব্যাহত থাকে।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার নয়, বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মূলধারার গণমাধ্যমকে প্রযুক্তিনির্ভর ও আরও প্রতিযোগিতামূলক হতে হবে।’ সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে দর্শক ও পাঠকসংখ্যাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, নিউজ ২৪-এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, বাংলা নিউজ ২৪ ডটকম-এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক এ. কে. এম. মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক সাঈদ খান বক্তব্য দেন।