ঢাকা: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সংসদীয় তদন্ত দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
বুধবার ( ২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। তিনি বলেন, ‘প্রাথমিক প্রমাণ সমক্ষে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। অভিযোগ অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন এবং সত্য প্রমাণিত হলে সংসদের মর্যাদা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একজন সংসদ সদস্য পদের সুযোগ নিয়ে চাকরিপ্রার্থী এক তরুণীকে একা কক্ষে ডেকে নেওয়ার যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।’
তিনি বলেন, ‘১৮ বছর বয়সি এক তরুণী চাকরির আশায় স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছিলেন। সেই সুপারিশের বিনিময়ে ঘটনাটি কোন দিকে গড়িয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।’
জারা বলেন, ‘সংসদ এই বিষয়ে নীরব ভূমিকা পালন করলে তা অনাকাঙ্ক্ষিত বার্তা দেবে।’
এ ছাড়া ক্ষমতাবানদের সুপারিশের মাধ্যমে চাকরি পাওয়ার এই প্রচলিত ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো দুর্নীতিমুক্ত দেশের কথা বললেও এই সুপারিশ প্রথা বহাল থেকে যাচ্ছে, যা সাধারণ মানুষকে জিম্মি করে রাখে।’