ঢাকা: বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ভিডিও প্রকাশ করায় গাজীপুরের সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সিফাতের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
ডা. তাসনিম জারা বলেন, সিফাতের ব্যবহৃত ভাষা ভদ্র ছিল না এবং এ নিয়ে তর্ক করার কিছু নেই। তবে আসল প্রশ্নটি ভদ্রতার নয়, কারণ তাকে অভদ্রতার জন্য নয় বরং সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই প্রেক্ষাপটে ক্ষমতাসীনদের গালি দেওয়াকে সন্ত্রাস হিসেবে গণ্য করা হচ্ছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, সিফাতের গ্রেফতারের বিপক্ষে যারা মন্তব্য করছেন, তাদের মন্তব্য বাক্সেও গালির বন্যা দেখা যাচ্ছে। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে তা অপরাধ বলে বিবেচিত হচ্ছে, আর ক্ষমতায় না থাকা কাউকে গালি দিলে তা গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিকরা ঠিক কী লিখলে, কী আঁকলে বা বিলের কাগজ হাতে নিয়ে কী বললে রাতে দরজায় পুলিশ আসবে না, তার একটি নির্দিষ্ট তালিকা করে দেওয়া উচিত। পাশাপাশি ‘দ্য ডিক্টেটর’ সিনেমার আচরণের মতো পরিস্থিতি তৈরি না করে সংশ্লিষ্টদের সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
সর্বশেষে তিনি ডালপালা মেলা এসব হয়রানি বন্ধে সিফাতের ওপর থেকে সন্ত্রাসবিরোধী আইন প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানান।