Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আয় বাড়াতে বিআইডব্লিউটিএকে নতুন খাত খুঁজে বের করার নির্দেশ প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:৪৮

বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা।

ঢাকা: রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে তুলতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে অভ্যন্তরীণ নৌপথের গুরুত্ব অপরিসীম। তাই বিআইডব্লিউটিএ’র কার্যক্রমকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। একইসঙ্গে সেবার গুণগত মান বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরণের নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ড্রেজিং কার্যক্রম ব্যয় সাশ্রয়ীভাবে পরিচালনা করে অধিক গুরুত্বপূর্ণ নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে খনন নিশ্চিত করতে হবে।’ নৌপথে নিরাপদ চলাচলের জন্য বয়া, বাতি, বিকনসহ বিভিন্ন নৌ-চিহ্ন আরও দৃশ্যমান করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম দফা পর্যন্ত অনিষ্পন্ন ঘাট ইজারা দ্রুত নিষ্পত্তি, ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করে রাজস্ব বৃদ্ধি, ঘাট ও পয়েন্ট-সংক্রান্ত দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি, নদীবন্দর এলাকায় মালামাল ওঠানামায় পর্যায়ক্রমে অটোমেশন চালু এবং নৌযানের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সম্ভাবনাময় নতুন খাত চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিআইডব্লিউটিএ‘র সেবার মান আরও উন্নত হবে, রাজস্ব আহরণ বাড়বে, নৌপথের নিরাপত্তা জোরদার হবে এবং দেশের অভ্যন্তরীণ নৌপরিবহণ ব্যবস্থা আরও কার্যকর, নিরাপদ ও জনবান্ধব হয়ে উঠবে।

সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে ড্রেজিং, নৌপথের নাব্যতা রক্ষা, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আহরণ, নৌ-নিরাপত্তা এবং সেবার ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।