ঢাকা: পদোন্নতিতে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নে তাদের পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও সামগ্রিক কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
রোববার (২৬ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন।
সেনাবাহিনী সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) তাকে স্বাগত জানান।
বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে, সেনাপ্রধান তার ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে পদোন্নতি পর্ষদ উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।