ঢাকা: শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, কৃষি ব্যবসা ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেঠেন, কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরিতে যেতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষিভিত্তিক শিল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও কৃষি ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষিত তরুণদের কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ নিতে হবে।’ একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও কৃষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।