দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাত বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপনের (২৪) পরিচয় জানা গেছে। বাকি দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, নিহত ব্যক্তিদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে স্থানীয় পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এর আগে, দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এ ছাড়া, ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।