Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাকলিস্টেড হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৯:৪০ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২২:২৫

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

ঢাকা: উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার (২৮ জুলাই) সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সততা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। সময়মতো কাজ শেষ না হলে বা প্রকল্পে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে। পাশাপাশি উন্নয়নকাজে কোনো অনিয়ম প্রমাণিত হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের মান নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিজস্ব প্রতিনিধি দলের পাশাপাশি একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমেও কাজের গুণগত মান ও অগ্রগতি যাচাই করা হবে। ঠিকাদারি ও নির্মাণকাজে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে কম মুনাফায় সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন ও হস্তান্তর নিশ্চিত করতে হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর