ঢাকা: জুলাইকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার। তিনি বলেছেন, ‘ওই ষড়যন্ত্রে পা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারীরা।’
শনিবার (১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই-আগস্ট গণহত্যা’-এর স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর শিকদার বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলন করেছি। শত শত নেতাকর্মীকে হারিয়েছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাইকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে পা দিয়েছে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীরা। তাই রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে অশালীন ভাষায় কথা বলছে তারা।’
জুলাই নিয়ে রাজনীতি করার অভিযোগ করে তিনি বলেন, ‘যে স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছে যোদ্ধারা, তাদের সেই স্বপ্ন আজ প্রশ্নের মুখে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর অসভ্য বক্তব্যের কারণে জুলাই যোদ্ধারা আজ অপমানিত হচ্ছে। পাটওয়ারীদের কারণে দেশের মানুষের কাছে জুলাই মর্যাদা হারাচ্ছে। গণঅভ্যূত্থানের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীরা কতটা টাকা ও সম্পদের মালিক ছিল, আর এখন তাদের টাকা ও সম্পদ কত সে বিষয়ে খোঁজ নিলেই বেরিয়ে আসবে—জুলাই বিক্রি করে তারা কতটা ধনবান হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের প্রকৃত মান নির্ধারিত হয় জনপরিসরের ভাষা দ্বারা। যে সমাজে রাজনৈতিক ভাষা যত বেশি যুক্তিনির্ভর, শালীন ও অন্তর্ভুক্তিমূলক, সেই সমাজের গণতন্ত্র তত বেশি পরিণত এবং রাজনৈতিক সংস্কৃতি ততই পরিশীলিত। আর যারা যুক্তির জায়গা দখল করে গালি, চরিত্রহনন, ব্যক্তি-আক্রমণ, ঘৃণার ভাষা ও নোংরা উক্তি ব্যবহার করছে তাদেরকে মানুষ চিহ্নিত করছে। সময়ের ব্যবধানে তারা আস্তাকুড়ে নিক্ষেপিত হবে।’
অনুষ্ঠানে জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কেরামত আলী রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, তারেক কবির, উমর ফারুক, হাজী সজল, মিন্টু আলম, ওবায়দুল্লাহ মাসুম, বিপুল আহমেদ, মাসুম ফরাজী ও রুকু হক। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।