Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির অভিযোগ সারজিসের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২০:২৯

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা একটি প্রামাণ্যচিত্রে (ডকুমেন্টারি) ইতিহাস বিকৃতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, ওই প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি বিএনপির একটি দলীয় অভ্যুত্থান ছিল।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে সারজিস আলম লিখেন, “চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে। কিন্তু সেখানে আন্দোলনের মূল ভিত্তি অর্থাৎ ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’ বাদ দেওয়া হয়েছে। এমনকি এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত রাখা হয়নি।”

বিজ্ঞাপন

ইতিহাস দখলের অভিযোগ তুলে তিনি আরও লেখেন, “ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে।”

বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে সারজিস বলেন, ‘এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।’

পরবর্তী সময়ে পৃথক আরেকটি স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

উল্লেখ্য, আজ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে এনসিপি নেতা ও গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার নাহিদ ইসলামের বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ার অভিযোগ ওঠে। সারজিস আলমের এই তোপ মূলত সেই ঘটনারই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর