Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছর ধরে: পানি সম্পদমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৯:১০ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ২৩:৫৮

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

ঢাকা: পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছর ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।

তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে ‘শহিদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন। এখন শহিদদের ঋণ পরিশোধের পালা। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর মধ্য দিয়েই শহিদদের ঋণ শোধ করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয়, বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যেতে চাই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা।

মন্ত্রী বলেন, জুলাইয়ের প্রশ্নে কোনো আপস নয়। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারও তিনি স্মরণ করিয়ে দেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রগ্রাহক ও মানবাধিকারকর্মী ড. শহীদুল আলম।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর