ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপানি বিনিয়োগকারীরা ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি বৃহৎ আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (৪ আগস্ট) জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ‘দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য অনন্য সুযোগ তৈরি করেছে। বাংলাদেশ শুধু একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য নয়, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যে একটি কৌশলগত অর্থনৈতিক সেতুও।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরে তা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।’
জাপানি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে যন্ত্রপাতি, হালকা প্রকৌশল, অটোমোবাইল ও বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ, ইলেকট্রনিকস, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পাটজাত পণ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও লজিস্টিকস অবকাঠামো, রোবটিকস, শিক্ষা প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের বড় প্রতিযোগিতামূলক শক্তি। জাপানের শ্রমঘাটতি ও বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা পূরণে বাংলাদেশের দক্ষ জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রবৃদ্ধির অভিযাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হওয়ার আহ্বান জানান।