Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ সৌদি আরবের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২২:২২

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিনিধিদলের সাক্ষাতের একটি মুহূর্ত।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের প্রতিনিধিদল। তারা প্রাথমিকভাবে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বে (Bay) টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করে।

বিজ্ঞাপন

সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের সদস্যরা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণের পাশাপাশি দেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আগ্রহী।

এ ছাড়া, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী বলে তারা প্রধানমন্ত্রীকে জানায়। জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

প্রতিনিধিদল আরও জানায়, তারা বাংলাদেশে বন্দর, রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও তারা উল্লেখ করে।

সৌদি প্রতিনিধিদলের সঙ্গে আলাপে মগ্ন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশ সফর এবং দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সাক্ষাতে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর