Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবিতে সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২০:৫৩

জবিতে সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস কেন্দ্রিক সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের দেখতে যান তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। সেইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।’ এসব ঘটনায় বহু শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

জকসুর নির্বাচিত সাধারণ সম্পাদকসহ (জিএস) একাধিক শিক্ষার্থী গুরুতর জখম হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরও তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শিক্ষাঙ্গণে সহিংসতা বন্ধ ও আইনের নিরপেক্ষ প্রয়োগের ওপর জোর দিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীদের হয়রানি করা হলে সমাজে ভুল বার্তা যাবে।’ এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতিগণ এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের পরিবর্তে স্থায়ী আবাসন নির্মাণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়ন, এই তিন দফা দাবিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মিলনায়তনের সামনে অবস্থান নেন। পরবর্তীতে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে প্রক্টরিয়াল টিমের বাধার মুখে পড়েন। এ সময় সেখানে উপস্থিত শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা তৈরি হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিভ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর