Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না করলে বাতিল হতে পারে নিবন্ধন: ইসি সানাউল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১৭:২৮

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

ঢাকা: জাতীয় নির্বাচনে নারীদের পর্যাপ্ত অংশগ্রহণ নিশ্চিত না করলে রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন হারাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সংসদীয় নির্বাচন ও গণভোট ২০২৬’-এর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংলাপে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নির্ধারণের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বাদ দেওয়া। আইন বানানোর এখতিয়ার সংসদের, আর তা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। তবে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে নিয়ম মেনে অংশ না নিলে দলগুলো বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারে।

সেইসঙ্গে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছিল বলেও জানান তিনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এই সদিচ্ছা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে মনোনয়ন পেলেই কেউ নির্বাচিত হবেন না, বরং জনগণ ভোটের মাধ্যমে স্বচ্ছ ও গ্রহণযোগ্য উপায়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে পর্যবেক্ষক সংস্থা অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন এন্ড ডেমোক্রেসি-এএফইডি জাতীয় নির্বাচন ২০২৬ পর্যবেক্ষণ করে তাদের রিপোর্ট প্রকাশ করে এবং কিছু সুপারিশ তুলে ধরে। সংস্থাটি তাদের রিপোর্টে জানায়, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য নির্বাচনের চেয়ে ভালো থাকলেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কম ছিল।

এ সংলাপে অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলীম সামনের নির্বাচনগুলো নিখুঁত করতে ইসির নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান থাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ফান্ড সংগ্রহের ওপর জোর দেন।

সংসদ সদস্য সাইফুল আলম মিলন ভোট গণনায় বিলম্ব ও কিছু কেন্দ্রের কর্মকর্তাদের অনিরপেক্ষতার অভিযোগ তুলে বলেন, এতে তাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, সংসদ সদস্য শিরিন সুলতানা প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে প্রচারণার সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জানান, ভবিষ্যতে নিজ দলের হয়ে নারী প্রার্থীর অংশগ্রহণ বাড়াতে কাজ করা হচ্ছে।

সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর