ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরসহ দেশের সকল ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে স্মরণ এবং দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, ‘বাহিনীর সদর দফতরসহ সকল ইউনিটে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে যোহরের নামাজ আদায়ের পর সদর দফতর মসজিদে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ এবং সদর দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, দিবসটির তাৎপর্য উপলক্ষ্যে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।‘
তিনি বলেন, ‘দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম পেশ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি এবং বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহিদদের রুহের মাগফেরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়।’
নাজমুস সাকিব জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য শিক্ষা দেয়। তার আদর্শ অনুসরণ করে কর্মজীবনে দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ, নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালন এবং সহকর্মী ও সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।