ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য এবং পাবনার বিশিষ্ট ক্রীড়াবিদ জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘জহুরুল ইসলাম বাবুর অবদান ও দলের প্রতি তার সততা স্মরণে থাকবে।’
তিনি আরও বলেন, ‘মরহুমের শোকাহত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায় সেই প্রার্থনাই করি।’
পূর্বে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় এবং বিশেষ করে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগতে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাজনীতিবিদ পরিচয়ের বাইরেও তিনি একজন কৃতী ক্রীড়াবিদ ছিলেন। মাঠের খেলায় তার অনন্য অবদানের জন্য তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের ক্রিকেটার হিসেবে পরিচিত লাভ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত পাবনা সাবেক ক্রিকেটার সমিতির সদস্য ছিলেন। রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও তার যোগসূত্র ও অবদান অব্যাহত ছিল।