ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিক হয়ে ৮ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৪ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি নিহত শ্রমিকদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। এতে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০ থেকে ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
তিনি বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দিতে মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দুর্ঘটনাটি কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।’
তিনি নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানান।