ঢাকা: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ এবং প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা।
শ্রদ্ধা নিবেদনের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে শেরেবাংলা নগর সমাধি প্রাঙ্গণে। বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরেসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
উপলক্ষ্যে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রথম চেয়ারম্যান।
এবার এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন প্রায় দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে দলটি। একই সঙ্গে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সারাবাংলা/এমএমএইচ