ঢাকা: চার দিনের সরকারি সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে গত ৩০ আগস্ট তিনি চার দিনের সফরে ঢাকায় আসেন।
সফরকালে আইপিইউ মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠকে মতবিনিময় করেন। এসব দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও আন্তর্জাতিক সংসদীয় সুসম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সফরের অন্যতম অংশ হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। সফর সম্পন্ন করে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।