ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের চারটি অঞ্চলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আজ ২ সেপ্টেম্বর (বুধবার ) আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী দেশের চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন ভারতীয় উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, অব্যাহত ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ধীরগতিতে হতে পারে, তবে পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীসহ অন্যান্য নদ-নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে, যা নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে হ্রাস পেয়ে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলের পরিস্থিতির কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি আগামী তিন দিন ধরে ক্রমাগত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।