ঢাকা: দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা ওই অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা এরইমধ্যে পর্যালোচনা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমায় নজরদারি এবং পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।’
অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ বা ক্রান্তিকালীন সময়ে সশস্ত্র বাহিনী অসামরিক প্রশাসনকে সরাসরি সহায়তা প্রদান করে।’ এ ছাড়া প্রচলিত ফৌজদারি কার্যবিধি মেনে আইনশৃঙ্খলা রক্ষা ও পুনরুদ্ধারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ও আইনি কর্তৃত্ব প্রদান করা হয় বলেও তিনি জানান।