Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে হল সংসদ নেতার বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ঢাবি করেস্পন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৮:৩১ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৯:৪০

সুফিয়া কামাল হলে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি দেখেন নারী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে গিয়ে হল সংসদের এক নেতার দ্বারা হেনস্তার শিকার হয়েছেন এক নারী শিক্ষার্থী।

প্রতিবাদে রোববার (২৮ জুন) সকালে সুফিয়া কামাল হলের ভিপি-জিএসের উদ্যোগে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি দেখেন নারী শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে প্রক্টর অফিসে স্মারকলিপি দেন।

সুফিয়া কামাল হলের ভিপি সানজিদা চৌধুরী রাত্রি বলেন, ‘ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অবাধ চলাচলের অধিকার নিশ্চিতের দাবিতে প্রক্টর অফিসে একটি স্মারকলিপি দিয়েছি আমরা।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ ঘটনার দুদিন আগেও রাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষার্থী। এ ঘটনায় তারা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিযোগকারীদের একজন মুহতাসিন বিল্লাহ ইমন।

তিনি জানান, গত শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্সের খেলা দেখতে তিনিসহ সাবেক ছয় শিক্ষার্থী হলের রেজিস্টার খাতায় নাম লিখে মাঠে গিয়েছিলেন। তারপরও হলের একদল শিক্ষার্থী তাদের ঘিরে ধরেন। মাঠ ছাড়তে চাপ দেন। সঙ্গে থাকা নারীকে হেনস্তা করেন। হেনস্তাকারীদের মধ্যে আছেন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়া।

জানা গেছে, অভিযুক্ত সাজু মিয়া ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন সাজু মিয়া। তবে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলের, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর একজন সহকারী প্রক্টরকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর