ঢাকা: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে তারা আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবেন এবং ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।
মঙ্গলবার (৩০ জুন) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। অপর সদস্যরা হলেন— মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়।
একইসাথে, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বলেও এতে জানানো হয়।