Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মাঠে থাকবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ২১:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শহিদদের স্মরণ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে জুলাই ও আগস্টজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী নিয়মিত বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাইয়ের স্মৃতি এখনো জাতির কাছে টাটকা। কিন্তু সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ অকার্যকর করে দেওয়া হয়েছে এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।’ এতে মুক্তিকামী দেশবাসী হতাশ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় থাকবে এবং জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবে।’

দলটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১০ জুলাই রাজধানী ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর নেতৃত্বে গণমিছিল। ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন করা। ১৯ জুলাই ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে দেশব্যাপী আলোচনা সভার আয়োজন। এ ছাড়া ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষ্যে সারা দেশে গণমিছিল অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের খোঁজখবর নেওয়া, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা, সংলাপ ও দোয়া মাহফিল, শরীয়াহসম্মত গ্রাফিতি ও দেয়াল লিখন, জুলাই আন্দোলনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং আন্দোলনের স্মৃতিচারণ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন বিভাগের সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর