Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হট্টগোলের খবরে ব্যাখ্যা / ঐক্যের বার্তা দিলেন যুবদলের সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৮:০০ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৮:০২

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

ঢাকা: যুবদলের কেন্দ্রীয় সভায় হট্টগোলের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নিজ নিজ ফেসবুক পেজে প্রায় একই ধরনের পোস্ট দিয়ে সংগঠনের ঐক্য, পারস্পরিক সমন্বয় ও বোঝাপড়ার বার্তা দিয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুজনের পোস্টের ভাষা ও বক্তব্যে প্রায় একই ধরনের বার্তা উঠে এসেছে। তারা জানিয়েছেন, তাদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমন্বয় অটুট রয়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার পোস্টে বলেন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তার দীর্ঘদিনের পরীক্ষিত সহযোদ্ধা ও আপনজন। বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকে তাদের মধ্যে আন্তরিকতা, সমন্বয় ও বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মধ্যেও মতপার্থক্য হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ারই সৌন্দর্য। গতকালের সভা মুলতবি হওয়ার পর তিনি ও সভাপতি মুন্না একসঙ্গেই কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পরস্পর বিদায় নিয়েছেন। এছাড়া যুবদলের ১০টি বিভাগীয় সাংগঠনিক টিমের পরবর্তী সভা সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে তারা দুজনই উপস্থিত থাকবেন বলেও জানান।

সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাও সোমবার (৬ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রায় একই বক্তব্য তুলে ধরে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমন্বয় ও বোঝাপড়ার ভিত্তিতেই যুবদল সামনের পথ চলবে।

এর আগে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে হট্টগোলের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর সোমবার (৬ জুলাই) সংগঠনের শীর্ষ দুই নেতা পৃথক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য অটুট থাকার বার্তা দেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর