Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৫:২৩ | আপডেট: ১ আগস্ট ২০২৬ ১৮:০৭

কোম্পানীগঞ্জ থানা, নোয়াখালী।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

আহত ব্যক্তিদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মাঝে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের নেতাকর্মীরা আটক করে। পরে বিষয়টি মীমাংসার জন্য রাত ৯টার দিকে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবিরের কয়েকজন নেতাকে ঘটনাস্থলে ডাকেন।

সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম বলেন, ‘বিষয়টি সমাধানের উদ্দেশ্যে রাত ৯টার দিকে সিরাজপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুজাহিদসহ কয়েকজন শিবির নেতাকর্মী দিনার দোকানের একটি চা দোকানে যান। তাৎক্ষণিক সেখানে স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক ও অটোরিকশাচালক বেলালের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিই। পরে আমি চলে আসার পর রাত ১১টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।’

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কার্যালয় শুরু থেকেই বন্ধ ছিল এবং বিএনপির লোকজন নিজেরাই কার্যালয় ভাঙচুর করে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দিনার দোকান এলাকায় বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক চিকিৎসাধীন রয়েছেন।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘এ ঘটনায় বিএনপির দু’জন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর