ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে তার জামিন মঞ্জুর করেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী লুৎফে জাহান।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের কিছুক্ষণ আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্টে লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
উল্লেখ্য, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের রয়েছে।