ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ‘ভুয়া অ্যাকাউন্ট ও পেজ’ সম্পর্কে সর্তক থাকতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।’
সংশ্লিষ্ট সকলকে এসব (ভুয়া) পেজ থেকে প্রচারিত কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।