Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ২১:৪৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১১:৩৫

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে এবার আরেক তথ্য দিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, সেই তরুণী নিজেই আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভাইরাল ভিডিও ও বিতর্কিত বিয়ে নিয়ে আব্দুল খালেক বলেন, এমপি সাহেবের বড় ওয়াইফসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসার পর ওই মেয়েটি আবদার করল— ‘আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি যতদিন বাঁচব এমপি সাহেবকে সেবা করে যাব। এভাবেই মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে।’

তিনি আরও বলেন, ‘এমপি নজরুল সাহেবের কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবের সংগঠন থেকে সম্পূর্ণ তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাকে বহিষ্কারের কারণে তার এমপি পদও বাতিল হয়ে যাবে। অতএব অনৈতিক বা অসামাজিক ব্যাপারে জামায়াতে ইসলামী কখনো ক্ষমা করে না, কোনো আপস করে না।’