Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই বিপ্লবের সুফলভোগীরাও জুলাই যোদ্ধাদের বঞ্চিত করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২০:৪১

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, জুলাই বিপ্লবের সুফলভোগীদের একটি অংশই এখন জুলাই যোদ্ধাদের বঞ্চিত করছে। তিনি বলেন, জুলাই বিপ্লব কেবল সরকার পরিবর্তনের জন্য হয়নি; এর লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত“জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার কারণে অনেক চিকিৎসককে শাস্তিমূলক বদলির মুখে পড়তে হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেই আদেশ বাতিল করলেও বর্তমান বিএনপি সরকার কোনো কারণ ছাড়াই চিকিৎসকদের বদলি করছে। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

গণভোট নিয়ে যারা এখন আপত্তি তুলছেন, নির্বাচনের আগে তারা কেন নীরব ছিলেন—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে প্রেসিডেন্সিয়াল অর্ডারকে কোনো মন্ত্রী বা এমপি অবৈধ বলতে পারেন না, এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের রয়েছে বলেও মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা উচিত। রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতিকে দীর্ঘদিন বহাল রেখেছিল।

সেমিনারে ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন, জুলাইয়ে আহতদের চিকিৎসায় দেশীয় চিকিৎসকদের দক্ষতার কারণে অনেককে বিদেশে পাঠানোর প্রয়োজন হয়নি এবং এতে রাষ্ট্রের প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিদেশি চিকিৎসক প্যানেলও দেশের চিকিৎসকদের চিকিৎসাকে যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে বলে তিনি দাবি করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে এনডিএফের চিকিৎসকেরা আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, এনডিএফের দেওয়া তথ্যের ভিত্তিতেই শহীদদের তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা সম্ভব হয়েছিল।

এনডিএফের সহ-সভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক নেতা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর