Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি: যোগাযোগমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৩:৩১

বক্তব্য দিচ্ছেন মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা: জুলাইকে ঘিরে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজের ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়াম’-এ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রবিউল আলম বলেন, ‘জুলাই আমাদের নতুন করে শাণিত হতে, সংশোধিত হতে এবং সমৃদ্ধ জাতি হতে শিখিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করেছে। এ আন্দোলন ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শিক্ষা দিয়েছে এবং সেই পরিবর্তন বাধ্যতামূলকভাবে এসেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠার সূতিকাগার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার শিক্ষা দিয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য জনগণের সরকারও নিশ্চিত হয়েছে। এখন বাকি রয়েছে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণকে সমৃদ্ধ করা, মানসম্মত করা এবং শাণিত করা। জনগণের নির্বাচিত সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং সেই সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

এ ছাড়া ঢাকা কলেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষা, অবকাঠামো, আবাসন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।’ ঢাকা কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, ঢাকা কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা, ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

সারাবাংলা/এফএন/এআর