ঢাকা: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নাম আসায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী রোববার অথবা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন লতিফ সিদ্দিকী।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
সাংবাদিকদের লতিফ সিদ্দিকী বলেন, বুধবার সকালেই তিনি জানতে পারেন যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
তিনি জানান, আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তাই আদালতে হাজির হয়েছেন। পুলিশ যদি তাকে গ্রেফতার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই বছরের ৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলেও আপিল বিভাগের বেঞ্চ সেই জামিন বহাল রাখেন। এরপর তারা কারামুক্ত হন।
উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।