ঢাকা: যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে, বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছে, গুম, খুন ও নিপীড়ন পরিচালনা করেছে এবং জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার স্থগিত করার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
একইসঙ্গে এসব শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দিষ্ট তালিকা তৈরির বদলে বিশ্ববিদ্যালয়ের আইনেই স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক সমঝোতা বা আঁতাত করে কোনো তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই নির্দিষ্ট ধারা যুক্ত করতে হবে। যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর ছিল বা জুলাই গণহত্যার সমর্থন করেছে, তারা যেন পাঠদানের সুযোগ না পায়, সেই ব্যবস্থা করা দরকার। এতে স্বয়ংক্রিয়ভাবেই ফ্যাসিবাদের সহযোগীরা বিশ্ববিদ্যালয় ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বাদ পড়বে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এভাবে কোনো কার্যকর সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা অনুচিত। অপরাধে যুক্ত ব্যক্তিদের নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার অধিকার কারও নেই।’
তিনি আরও বলেন, বিগত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারা সে কথা শোনেননি। এমনকি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের পরেও বর্তমান প্রশাসন কোনো কঠোর উদ্যোগ গ্রহণ করছে না। এ ধরনের পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক দৃঢ়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।