Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনীতিকে সংসদের বাইরে নেওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:৫৮

‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার জোরালো আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি দুঃখজনক প্রবণতা কাজ করছে।’

সোমবার (৩ আগস্ট ) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

সংসদকে রাজনীতির মূল কেন্দ্র বানানোর ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এত রক্ত ও আত্মত্যাগের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত আমাদের সমস্ত রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। অত্যন্ত দুঃখের বিষয় যে, শহিদদের স্মরণ করার সময়ও দেখা যাচ্ছে, ঐতিহাসিক সেই আত্মত্যাগ থেকে পরিপূর্ণ শিক্ষা না নিয়ে রাজনীতিকে কৃত্রিমভাবে রাজপথ বা সংসদের বাইরে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে।’

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মূল্যবোধের বাইরে গিয়ে নানা ধরনের অশ্লীলতা ও চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ‘সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আবদ্ধ রাখা এবং সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করাই আমাদের সবার একমাত্র মানদণ্ড হওয়া উচিত।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক মারুফ কামাল খান সোহেল এবং যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। এ ছাড়াও অনুষ্ঠানে বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর