ঢাকা: রাজধানীর বকসিবাজার সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ সাতজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা চত্বরে সংঘর্ষের এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহতরা হলেন- মাদরাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক (৫০), মাদরাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সানাউল্লাহ (৩০), লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭), ঢাকা দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ (৩০), সমকাল পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক নাজমুল ইসলাম (২৬), লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক জানে আলম (৪৮) এবং মাদরাসার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মমিন (৩০)।
আহত রাব্বির অভিযোগ, তিনি মাদরাসটির শিক্ষার্থী নন, তবে সেখানে তার অনেক বন্ধুবান্ধব রয়েছে। তাদের সঙ্গেই বিকেলে মাদরাসা চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা লাঠিসোটা দিয়ে পেটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা ও পিঠসহ শরীরে পেটানোর আঘাত রয়েছে। এ ছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছেন। নাজমুলের পায়ে ইটের আঘাত এবং অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হকে মাথায় ইটের আঘাত রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া কিল-ঘুষির আঘাতে আহত ঢাকা কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি রাইসুল ইসলাম (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।