Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৫:৫৭

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

ঢাকা: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছে।’

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা অতীতে দেখেছি, যখন দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটি মহল জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনের দিকে নিয়ে যায়।’

চিকিৎসকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। তাই রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা জনগণের মাঝে প্রচার করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নতুন করে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা হবে।’ এ লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্লোগান হবে—সবার আগে বাংলাদেশ।’

সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দু’টি বৃক্ষ রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তারা।

সমাবেশে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোস্তফা আদিব সুমন এবং ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মোহাম্মদ।

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর